শহীদ শরিফ ওসমান হাদিকে একটি চেতনা ও বিশ্বাসের নাম হিসেবে উল্লেখ করে তাঁর হত্যাকারীদের উপযুক্ত বিচারের আওতায় আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান। তিনি বলেছেন, ওসমান হাদির স্মৃতি ও আদর্শ ভুলে যাওয়ার মতো নয়। তাঁর হত্যাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার বিএনপি বহন করে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের সূত্র ধরে কামরুজ্জামান বলেন, ‘শফিকুর ভাই আবেগতাড়িত হবেন এটাই স্বাভাবিক। উনার সৌভাগ্য যে উনি আজকের যে পাঞ্জাবিটা পরেছেন, এটা একটা চেতনার আবেগ থেকে উনি বলেছেন। উনি যে চেতনাকে ধারণ করেন, এটা একটা আদর্শের বর্ম বা চেতনার বর্ম। এটা কিন্তু আমরাও ধারণ করি। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেবও এই চেতনাকে ধারণ করেন।’
ওসমান হাদির স্মৃতিচারণ করে বিএনপির এই সংসদ সদস্য জানান, ওসমান হাদি শুক্রবার মারা গিয়েছিলেন। এর আগের দিন বৃহস্পতিবার এনটিভির একটি টকশোতে তাঁর সঙ্গে অংশ নিয়েছিলেন তিনি।
কামরুজ্জামান বলেন, ওই দিন ওসমান হাদি কোনো গাড়ি ব্যবহার না করে সাধারণ মানুষের মতো রিকশায় চলাচল করছিলেন। চলন্ত রিকশায় থাকা অবস্থায়ই তিনি প্রাণ হারান।
ত্যাগী এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘হাদি একটা চেতনা এবং একটা বিশ্বাসের নাম। এটা ভুলে যাওয়ার জিনিস নয়। যিনি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে স্থান পান, তিনি ইতিহাসে কখনো হারিয়ে যাওয়ার বিষয় নন।’
ওসমান হাদি হত্যার বিচারে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে মুন্সিগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। হাদির হত্যাকারীদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার তাঁর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অবশ্যই বহন করে।











