spot_img
spot_img

নির্বাচনের আট মাস পরও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: গাজী আতাউর রহমান

গণ-অভ্যুত্থানের পর দেড় বছর এবং নির্বাচনের পর আট মাস পেরিয়ে গেলেও দেশ স্থিতিশীল না হওয়াকে সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদের সহিংসতা ও উসকানি মোকাবিলায় সরকারের গা-ছাড়া মনোভাবের পরিণতি এখন দেখা যাচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, পতিত ফ্যাসিবাদ গোপালগঞ্জে যে সহিংসতা করেছে, তার তাৎপর্য এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সর্বত্র এই বার্তা গেছে যে পতিত স্বৈরতন্ত্র এখনও রাজনীতিতে প্রাসঙ্গিক এবং তারা দেশকে অস্থিতিশীল করতে পারে। এতে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে এবং কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর দেড় বছর এবং নির্বাচনের পর আট মাস পেরিয়ে গেলেও দেশ এখনও স্থিতিশীল হয়নি। এটি সরকারের ব্যর্থতা।

সরকার এখন শত শত পুলিশ কর্মকর্তার ওপর নজরদারি করছে বলে জানা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতাসীন হওয়ার সঙ্গে সঙ্গেই এ কাজ করা দরকার ছিল। এখন এ ধরনের নজরদারি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করবে।

তিনি আরও বলেন, বাইরে থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের মধ্যে গা-ছাড়া মনোভাব দেখা গেছে। এখন তা বুমেরাং হয়ে দেখা দিয়েছে।

পতিত ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারের কাজ ত্বরান্বিত করা এবং পলাতক অপরাধীদের আটক করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, যুগ্ম মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আতিকুর রহমান মুজাহিদ ও কে এম শরীয়াতুল্লাহ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ