শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তার পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের ১৬৪ নম্বর কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ নভেম্বর ২০২৬ তারিখে পদত্যাগ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের আসনটি শূন্য হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, গত ১৪ নভেম্বর ওসমান ফারুক পদত্যাগ করেছেন। এ সময় তিনি আরও জানান, বিধি অনুযায়ী গত ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে আমেরিকায় অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি ওসমান ফারুক। সে সময়ও তিনি আমেরিকায় ছিলেন। বিষয়টি জানিয়ে তখন সংসদ সচিবালয়ে চিঠিও দিয়েছিলেন তিনি।
তবে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।
গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের একটি বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই ককাসের সভাপতি ছিলেন তিনি।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ড. ওসমান ফারুক একজন সাবেক আমলা। তিনি বিশ্বব্যাংকেও উচ্চ পদে চাকরি করেছেন।











