যুদ্ধ বন্ধের উদ্যোগের ধারাবাহিকতায় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন ইরান ও আমেরিকার কর্মকর্তারা। সোমবার (২৮ সেপ্টেম্বর) এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে গত সপ্তাহে যুদ্ধ বন্ধে ইরানের পক্ষ থেকে সাত দিনের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রয়টার্স জানিয়েছে, ইরানের দেওয়া ওই প্রস্তাবের সংশোধিত একটি সংস্করণ নিয়ে পরবর্তী আলোচনা হতে পারে। আলোচনার বিষয়ে অবগত এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পরও নিউইয়র্কে অবস্থান করছিলেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের মধ্যস্থতাকারীরা ইরান ও আমেরিকার সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন করে আলোচনা শুরুর এই উদ্যোগের লক্ষ্য যুদ্ধ বন্ধের পথ খুঁজে বের করা। তবে কোনো সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি।
সূত্র: রয়টার্স











