শিক্ষক সংকট, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার নানা সমস্যার প্রতিবাদে ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্কুল অবরোধ ও বিক্ষোভকে কেন্দ্র করে ৪৪০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। আটক ব্যক্তিদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক বলে জানান তিনি।
প্যারিসের আশপাশের ইল-দ্য-ফ্রঁস অঞ্চল থেকে শুরু হওয়া আন্দোলনটি পরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, মঙ্গলবার ৪১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান বিক্ষোভে প্রভাবিত হয়। এর মধ্যে ৪৫টি প্রতিষ্ঠানে অবরোধ এবং আরও ৪৬টিতে অবরোধের চেষ্টা হয়েছিল।
বিক্ষোভ চলাকালে কয়েকটি স্থানে ময়লার পাত্রে আগুন দেওয়া ও পুলিশের দিকে বিভিন্ন বস্তু নিক্ষেপের ঘটনা ঘটে। জবাবে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজের দেওয়া হিসাবে, সংঘর্ষে ৪৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছেন।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, মঙ্গলবার অন্তত ১০ জন শিক্ষাকর্মী ও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে শিক্ষার্থীদের বিক্ষোভের অধিকার স্বীকার করলেও সহিংসতা ও অবরোধের মাধ্যমে অন্য শিক্ষার্থী ও সরকারি কর্মীদের ঝুঁকিতে ফেলার সমালোচনা করেছেন।
অন্যদিকে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন সিন্দিকাল লিসেয়েন পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করেছে। সংগঠনটি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
একই দিনে শিক্ষক, হাসপাতালকর্মী ও সরকারি কর্মচারীদের ইউনিয়নগুলোর ডাকা দেশব্যাপী কর্মবিরতিও পালিত হয়েছে। কম বেতন, কর্মপরিবেশ ও সরকারি বাজেটের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
সূত্র: রয়টার্স, এএফপি, ফ্রান্সের স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য











