spot_img
spot_img

ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী সরকারপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির নগর পরিকল্পনামন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরিকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন রাজা ষষ্ঠ মোহাম্মদ। এর মধ্য দিয়ে ৫০ বছর বয়সী এই আইনজীবী মরক্কোর প্রথম নারী সরকারপ্রধান হলেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজপ্রাসাদের এক বিবৃতিতে ফাতিমা জাহরা এল মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।

সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের চার দিন পর এ নিয়োগ দেওয়া হলো। নির্বাচনে ফাতিমার দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সবচেয়ে বেশি আসন পেয়েছে। দলটি ৩৯৫ আসনের সংসদে ৯৭টি আসন পেয়েছে।

তবে পিএএম একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সরকার গঠনের জন্য ফাতিমা জাহরা এল মানসুরিকে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠন করতে হবে।

এর মধ্য দিয়ে আরব বিশ্বে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা দ্বিতীয় নারী হলেন ফাতিমা জাহরা এল মানসুরি। এর আগে তিউনিসিয়ায় নাজলা বাউডেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ফাতিমা জাহরা এল মানসুরির নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে ২০৩০ ফিফা বিশ্বকাপকে ঘিরে বড় ধরনের বিনিয়োগ তদারকি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। মরক্কো ২০৩০ সালের বিশ্বকাপ স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে।

মরক্কোর সংবিধান অনুযায়ী, রাজা সরকারপ্রধান নিয়োগ করেন। তবে ২০১১ সালের সাংবিধানিক পরিবর্তনের পর সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া দলের মধ্য থেকেই সরকারপ্রধান বেছে নেওয়ার বিধান রয়েছে। এবারের নির্বাচনে পিএএম ৯৭টি আসন পেয়ে প্রথম হয়েছে।

ফাতিমা জাহরা এল মানসুরি ২০০৮ সালে পিএএমে যোগ দেন। দলটি প্রতিষ্ঠা করেন রাজা ষষ্ঠ মোহাম্মদের ঘনিষ্ঠ উপদেষ্টা ফুয়াদ আলি এল হিম্মা। ফাতিমা ২০০৯ সালে প্রথমবার মারাকেশের মেয়র নির্বাচিত হন এবং পরে আবারও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২১ সালে ফাতিমা জাহরা এল মানসুরি জাতীয় সরকারে যোগ দেন এবং নগর পরিকল্পনা, আবাসন ও নগর নীতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০২৪ সালের মধ্যে তিনি পিএএমের অন্যতম প্রধান নেতায় পরিণত হন।

ফাতিমা জাহরা এল মানসুরি আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ফ্রান্সের মঁপেলিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায়িক আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকেও অ্যাংলো-স্যাক্সন ব্যবসায়িক আইনে ডিপ্লোমা নিয়েছেন।

গত ২৩ সেপ্টেম্বর মরক্কোর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় ১ কোটি ৫৮ লাখ ভোটার নিবন্ধিত থাকলেও ভোটার উপস্থিতি ছিল প্রায় ৩৮ শতাংশ। নির্বাচনে পিএএম ৯৭টি আসন পেয়ে প্রথম, ন্যাশনাল র‍্যালি অব ইন্ডিপেন্ডেন্টস (আরএনআই) ৬৬টি এবং ইস্তিকলাল পার্টি ৬৫টি আসন পায়।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ