spot_img
spot_img

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল

শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় উল্লেখ করে বইটি বিক্রিতে বাধা দেওয়া, প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এসব কর্মকাণ্ডকে বেআইনি ও অপরাধমূলক উল্লেখ করে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।

আসিফ নজরুল লেখেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রয়ে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি। তার ভাষ্য, বইটি কোনো নিষিদ্ধ বই নয়।

তিনি উল্লেখ করেন, বইটির বিক্রি বন্ধ করা, ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া এবং সেখানকার দুজন কর্মীকে তুলে নেওয়ার ঘটনা বেআইনি ও অপরাধমূলক কাজ। এ বিষয়ে সরকারের উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ইউপিএল জানিয়েছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কয়েকজন ব্যক্তি বাংলাবাজারের বিক্রয়কেন্দ্রে গিয়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’কে নিষিদ্ধ বই দাবি করে এর বিক্রি বন্ধের জন্য চাপ দেন। একপর্যায়ে বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে দেওয়া হয় এবং দুই কর্মীকে ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

বিগত সরকারের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা টেনে আসিফ নজরুল আরও বলেন, হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে এভাবে বই বিক্রিতে বাধা দেওয়া এবং বই নিষিদ্ধ করার মতো বহু ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিরুদ্ধে সে সময় প্রতিবাদ জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

তার ভাষ্য, বর্তমানে একই ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটিয়ে প্রকৃতপক্ষে হাসিনার পথ অনুসরণ করা হচ্ছে। এতে দেশের মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ