spot_img
spot_img

গাজ্জায় যুদ্ধবিরতি মধ্যে হামলা চালিয়ে ৬ জনকে হত্যা করেছে ইসরাইল

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জা উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ ও গুলিবর্ষণে মঙ্গলবার ভোর থেকে ৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এসব হামলায় শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিহাব নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ ঘটনায় উত্তর গাজ্জার জাবালিয়া আল-বালাদ এলাকার হালাওয়া শরণার্থী শিবিরে ইসরাইলি দখলদার বাহিনীর ড্রোন হামলায় এক ফিলিস্তিনি শহীদ ও আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছেন শিহাবের সংবাদদাতা।

এর কিছুক্ষণ আগে উত্তর গাজ্জার জাবালিয়া ক্যাম্পের আল-ফাখুরা ক্লিনিকের কাছে ইসরাইলি ড্রোন হামলায় একদল ফিলিস্তিনিকে লক্ষ্যবস্তু করা হলে মুসাব আল-বালবিসি নামে এক যুবক শহীদ হন।

দক্ষিণ গাজ্জার রাফাহর আল-মাওয়াসি এলাকায় কয়েক দিন আগে ইসরাইলি বাহিনীর গুলিতে আহত এক নারীও মঙ্গলবার তার আহত হওয়ার কারণে শহীদ হয়েছেন।

এ ছাড়া পশ্চিম গাজ্জা শহরের আল-নাসর এলাকার আল-লাবাবিদি মোড়ের আশপাশে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে।

মধ্য গাজ্জার দেইর আল-বালাহ শহরের সালাহউদ্দিন সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ইসরাইলি বাহিনীর গুলিতে আহমেদ আবু মোর নামে এক যুবক শহীদ হয়েছেন।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনে ১ হাজার ৪২১ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৪ হাজার ৯৮৩ জন আহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে গাজ্জায় শহীদের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২ জনে দাঁড়িয়েছে। আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮ জনে।

সূত্র : শিহাব নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ