ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিজয় ‘হাতের নাগালে’ রয়েছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সংঘাতের অবসান ঘটিয়ে সমঝোতায় পৌঁছাতে এবং আরও প্রাণহানি এড়াতে তেহরানকে সব ধরনের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং উপলক্ষে আমেরিকার সেনাসদস্যদের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ইরানে বিজয় আমাদের হাতের নাগালে। কখন এবং কীভাবে হবে, তা অনেকটা আমার ইচ্ছার ওপর নির্ভর করবে। সত্যি বলতে, আমরা সদয় হওয়ার চেষ্টা করছি। চুক্তিতে পৌঁছাতে এবং অনেক প্রাণ বাঁচাতে তাদের সব সুযোগ দিচ্ছি। তবে তারা এই সুযোগ কাজে লাগাবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই।
তিনি আরও বলেন, কেউ কেউ প্রশ্ন করে, কেন? তারা কি পাগল? হয়তো তারা পাগল।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সেনাদের ভূমিকার প্রশংসা করেন ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে পুনর্ব্যক্ত করেন তিনি।
ট্রাম্প বলেন, আপনাদের প্রত্যেকেই শুধু আজ আমাদের দেশকে নয়, ভবিষ্যৎ প্রজন্মের আমেরিকানদেরও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এর মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। এ বিষয়ে আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি।
এ সময় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার হুমকি মোকাবিলায় ১৫০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে আমেরিকা বলে দাবি করেন ট্রাম্প।
তিনি বলেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আঘাত হানার জন্য ছোড়া শত্রুর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে আমরা ১৫০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছি।
মধ্যপ্রাচ্যের তেলের ওপর আমেরিকার নির্ভরতা নেই দাবি করে ট্রাম্প বলেন, দেশটির পর্যাপ্ত জ্বালানি সম্পদ রয়েছে। তাঁর দাবি, আমেরিকা ও ভেনেজুয়েলার তেলের মজুত মিলিয়ে বিশ্বের মোট তেলের অর্ধেকেরও বেশি রয়েছে।
তিনি বলেন, আমরা তেল ব্যবহার করি না। আমাদের তেলের প্রয়োজন নেই। ইসরাইল ও মধ্যপ্রাচ্যকে সুরক্ষা দিতে আমরা দীর্ঘদিন ধরে সেখানে রয়েছি।
ট্রাম্প আরও বলেন, আমেরিকার কাছে অন্য যেকোনো দেশের তুলনায় বেশি তেল রয়েছে। একই সঙ্গে ভেনেজুয়েলার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে তিনি বলেন, এর ফলে আমেরিকার তেলের মজুত আরও কয়েক বিলিয়ন ব্যারেল বেড়েছে।
তবে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে তা ইসরাইলসহ এ অঞ্চলের অন্যান্য দেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
তিনি বলেন, আমাদের যা প্রয়োজন, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি। কারণ শান্তি না থাকলে সেখানে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি











