ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করার অভিযোগ তুলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, পাকিস্তানের মতো বাংলাদেশও ভারতের ‘পানি আগ্রাসনের’ শিকার। দেশটির সরকার বাংলাদেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাকে মরুভূমিতে পরিণত করতে চায়।
শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক ফেডারেল মন্ত্রী আতা উল্লাহ তারারের যৌথ আয়োজনে পার্লামেন্ট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভারত থেকে বাংলাদেশে ৫০টির বেশি বড় ও ছোট নদী প্রবেশ করেছে। কিন্তু এসব নদীর পানির স্বাভাবিক ও নির্বিঘ্ন প্রবাহ বাধাগ্রস্ত করতে ভারত ক্রমাগত ব্যারাজ নির্মাণ করছে। তার অভিযোগ, কয়েকটি নদীর উৎপত্তি চীনে হলেও ভারত বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
তিনি বলেন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে ভারত। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ভারতের একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
মতবিনিময় সভায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা নিয়েও কথা বলেন স্পিকার। তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী’ ও ‘গুণ্ডাদের’ সংগঠন হিসেবে আখ্যা দেন। তার ভাষ্য, দলটির কার্যক্রম নিষিদ্ধ করা না হলেও জনদাবির পরিপ্রেক্ষিতে সীমিত করা হয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ স্বৈরশাসন মেনে নেয় না। তার দাবি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। স্বাধীনতার পর দেশটি সামরিক ও বেসামরিক, উভয় ধরনের কর্তৃত্ববাদী শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে।
শেখ হাসিনার শাসনামলকে বেসামরিক স্বৈরশাসনের সবচেয়ে খারাপ উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার অধীনে ১৫ বছর দেশে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল।
বাংলাদেশের প্রতিনিধিদলের অন্য সদস্যরাও শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তোলেন। তাদের বক্তব্য, শেখ হাসিনা বাংলাদেশকে প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত করেছিলেন। তবে অতীত ভুলে দুই দেশের মধ্যে নতুন, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চান।











