spot_img
spot_img

বাংলা কিউআরে লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী

ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ কোডভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও কিউআর কোডভিত্তিক লেনদেন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এ জন্য গ্রাহক বা ব্যবসায়ীকে বাড়তি কোনো ফি বা চার্জ দিতে হবে না।

তিনি বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা ও ছোট ব্যবসায়ীরাও যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে কিউআর কোড ব্যবহার করে সহজেই টাকা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, এ ব্যবস্থা চালু হলে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে এবং লেনদেন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে দ্রুতই এসব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বের বহু উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ হিসেবে ইতোমধ্যে প্রমাণিত ও সফল হয়েছে। বাংলাদেশ ব্যাংকও এ ধরনের ডিজিটাল লেনদেন দেশে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

এদিকে ১ অক্টোবর থেকে বাংলা কিউআর লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ন্যূনতম ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এর ফলে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রদানকারীরা বাংলা কিউআর সেবা বিনা মূল্যে বা নামমাত্র ফিতে দিতে পারবে।

দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার এ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ