আফগানিস্তানবিষয়ক মস্কো ফরম্যাটের অষ্টম পরামর্শ বৈঠক সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে শুরু হয়েছে। বৈঠকে আফগানিস্তান ও অঞ্চলটির বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, সন্ত্রাসবাদ দমন, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করছেন।
বৈঠকে আফগানিস্তান, চীন, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বেলারুশ ও মিসরকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইমারাতে ইসলামের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
বৈঠকের উদ্বোধনী বক্তব্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ২০২১ সালে আমেরিকা ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালেবানের কর্মকাণ্ডের প্রশংসা করেন।
লাভরভ এই প্রত্যাহারকে পশ্চিমাদের দুই দশকের ‘দখলদারিত্বের’ সমাপ্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আফগানদের দৃঢ়তার কাছে আমেরিকা ও ন্যাটো বাহিনী পরাজিত হয়েছে।
লাভরভ বলেন, “তালেবান আন্দোলনের নেতৃত্বাধীন জাতীয় সরকার ক্ষমতায় এসেছে এবং তারা দেশের ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আমাদের স্বীকার করতে হবে যে তারা সফলভাবে দেশ পরিচালনা করছে।”
ভবিষ্যতে আফগানিস্তান কিংবা এর প্রতিবেশী দেশগুলোতে ন্যাটোর সামরিক অবকাঠামো মোতায়েনের যেকোনো সম্ভাবনাও প্রত্যাখ্যান করেন লাভরভ।
তিনি বলেন, “আমি জোর দিয়ে বলতে চাই, যেকোনো অজুহাতেই হোক না কেন, আফগানিস্তানের ভূখণ্ডে এবং/অথবা প্রতিবেশী দেশগুলোতে ন্যাটোর সামরিক অবকাঠামো মোতায়েনের বিষয়ে আমাদের কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।”
লাভরভ বলেন, এ ধরনের সামরিক উপস্থিতি আরও বড় অস্থিতিশীলতা ও সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, মস্কো বৈঠক আফগানিস্তানকে একটি স্বাধীন ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে উন্নয়নে অবদান রাখবে এবং পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নিতে সহায়তা করবে বলে তিনি আশা করেন।
পাকিস্তানের প্রতিনিধিত্ব করছে দেশটির প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি মুহাম্মদ সাদিকের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
পাকিস্তানের প্রতিনিধি দলে আরও রয়েছেন রাশিয়ায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি এবং আফগানিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূত উবায়দুর রহমান নিজামানি। এ ছাড়া দেশটির আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রতিনিধি দলে রয়েছেন।
বৈঠকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, অর্থনৈতিক সহযোগিতা ও যোগাযোগ ব্যবস্থা এবং আফগানিস্তানের সঙ্গে ধারাবাহিক যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।
পাকিস্তান জানিয়েছে, তারা একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান এবং অভিন্ন নিরাপত্তা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ধারাবাহিক আঞ্চলিক সংলাপকে সমর্থন করে।
আফগানিস্তানবিষয়ক রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাশিয়া ও অঞ্চলটির বিভিন্ন দেশকে একত্রিত করে একটি আঞ্চলিক পরামর্শ প্ল্যাটফর্ম হিসেবে মস্কো ফরম্যাট প্রতিষ্ঠা করা হয়।
সূত্র : আমো নিউজ











