শিশুদের ভেতরে লুকিয়ে থাকা অপার সম্ভাবনা বিকশিত হওয়ার সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, শিশুদের পছন্দমতো সব বিষয়ে প্রাধান্য দিতে ২০২৮ সাল থেকে সরকারিভাবে পূর্ণ উদ্যোগে কাজ শুরু করা হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ব শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যার যে প্রতিভা আছে সেটি সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। শিশুদের নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে অভিভাবকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শুধু পড়াশোনার মধ্যে শিশুদের সীমাবদ্ধ না রেখে খেলাধুলাসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। এর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ আরও ভালোভাবে হবে।
তারেক রহমান বলেন, শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা জরুরি। আজকের শিশুরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ করে দিতে পারলে ভবিষ্যতে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।
সরকারপ্রধান বলেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। পড়ালেখার পাশাপাশি শিশুদের মানবিক হতে হবে।











