spot_img
spot_img

মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা ও ছাদে সৌরবিদ্যুত বসানোর সুপারিশ সংসদীয় কমিটির

দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি।

বৈঠকের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে কমিটির সদস্যদের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। এ সময় হজ্ব ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম তুলে ধরা হয়।

এ ছাড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি, জনবল ও বাজেট, দপ্তর ও সংস্থাগুলোর ভিশন, মিশন, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে কমিটিকে অবহিত করা হয়।

উপস্থাপিত বিষয়গুলোর ওপর আলোচনায় অংশ নিয়ে কমিটির সদস্যরা দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং মসজিদে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেন।

এ ছাড়া সরকারি খরচে হজ্বে যাওয়া ব্যক্তিদের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন ধরে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত বদলির ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। মানুষের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে গতিশীলতা আনার লক্ষ্যে এ সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, মো. জাহিদুর রহমান এমপি, নুরুল আমিন এমপি, সুবর্ণা সিকদার এমপি, মো. নুরুল আমীন এমপি, মোহাম্মদ আবুল হাসান এমপি এবং মুহাম্মাদ আব্দুল খালেক এমপি অংশ নেন।

এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ