গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ আহত হয়েছেন। আহত অবস্থায়ও ছিনতাইকারী শাওন ও তার সহযোগী সাগরকে আটক করতে সক্ষম হয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাতাইশ-সখিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত চিহ্নিত ছিনতাইকারীদের আটক করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে শাওন ও সাগরকে আটক করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় তাদের ধরতে গেলে ছিনতাইকারীদের একজন ছুরি দিয়ে এসআই হানিফ মাহমুদের বাঁ পায়ে আঘাত করে। এতে তার পায়ে প্রায় পাঁচ ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়। গুরুতর আহত হওয়ার পরও তিনি শাওনকে আটক করতে সক্ষম হন। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় শাওন ও সাগরকে আটক করা হয়।
আহত এসআই হানিফ মাহমুদকে প্রথমে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শফিকুর রহমান বলেন, চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের একজন এসআই আহত হয়েছেন। তিনি জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ছিনতাই ও মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।











