পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এ অবস্থায় ভারতের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে নতুন চুক্তি করতে হবে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সপ্তম বার্ষিকী উপলক্ষে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি নতুন করে সই করতে হবে। নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ কীভাবে অংশীদারত্ব রাখবে সেটিও স্পষ্ট করতে হবে। আবরার ফাহাদের চেতনাকে যদি আমরা ধারণ করতে চাই তাহলে ভারত-বাংলাদেশের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে পুনঃস্থাপন করতে হবে।
তিনি বলেন, আবরার ফাহাদকে আমরা দেখেছি বাংলাদেশের পক্ষের হিসেবে। বাংলাদেশের নদীর পানি যেন আমরা পাই সেটাই আবরার ফাহাদের চেতনা। সে বিষয় নিয়ে সামান্য ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আবরার ফাহাদকে সারারাত নির্যাতন করে হত্যা করা হয়েছিল।
নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ শুধু একটি ঘটনা। আওয়ামী লীগের ১৬ বছরে এরকম কয়েক হাজার ঘটনা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হয়েছে। নির্যাতন, গেস্ট রুম এসবের মাধ্যমে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তা সুস্পষ্ট হয় আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে।
এনসিপি আহ্বায়ক বলেন, আবরার ফাহাদ শুধু নদীর পানি নিয়ে সমালোচনা করেছিলেন। আওয়ামী লীগ ভারতের আগ্রাসনের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ক্ষমতায় ছিল। গত ৫০ বছর বাংলাদেশ কী পেয়েছে সেই প্রশ্ন আবরার ফাহাদ করেছিলেন।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের অনেক অভিন্ন নদী রয়েছে। বাংলাদেশ কখনোই এর পানির ন্যায্য হিস্যা পায়নি। এগুলো এখন সমতার ভিত্তিতে হতে হবে।











