spot_img
spot_img

গাজ্জায় সংঘটিত যুদ্ধাপরাধে আমেরিকাও সম্পৃক্ত: মামদানি

গাজ্জায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের চলমান সামরিক অভিযান এবং এতে আমেরিকার ভূমিকার কঠোর সমালোচনা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, গাজ্জায় সংঘটিত যুদ্ধাপরাধে আমেরিকাও সম্পৃক্ত। কারণ আমেরিকার করদাতাদের অর্থ দিয়ে ইসরাইলকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি বলেন, ৭ অক্টোবরের দিনটি নিউইয়র্কের বহু মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। ওই হামলায় নিহত ইসরাইলিদের স্মরণ করে তিনি বলেন, এ ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন তাদের শোকের সঙ্গে তিনি ও নিউইয়র্কের মানুষ একাত্ম।

তবে মামদানি বলেন, গাজ্জার মানুষের দুর্ভোগ ৭ অক্টোবর শুরু হয়নি এবং ওই দিনেই শেষও হয়নি। এরপর গাজ্জায় দকলদার ইসরাইলি সামরিক অভিযান ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। এ অভিযানে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১ হাজারের বেশি শিশু।

মামদানি আরও বলেন, নিউইয়র্কের অনেক মানুষ এই অসহনীয় শোকের সঙ্গে লড়াই করছেন। একই সময়ে তারা জানেন তাদের দেওয়া করের অর্থ ইসরাইলের সামরিক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। তিনি আমেরিকার সরকারের সমালোচনা করে বলেন, ইসরাইলকে প্রতিটি অস্ত্র সরবরাহের ক্ষেত্রে আমেরিকার সম্পৃক্ততা রয়েছে।

তিনি দখলদারিত্ব ও বর্ণবাদভিত্তিক ব্যবস্থা অব্যাহত থাকা কোনো বিশ্বকে মেনে না নেওয়ার আহ্বান জানান। মামদানি বলেন, নিহতদের সম্মান জানাতে হলে এমন একটি বিশ্বের জন্য লড়াই করতে হবে যেখানে প্রত্যেক মানুষ স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারে।

মামদানির বিবৃতিতে ৭ অক্টোবর ২০২৩ সালের হামলার কথাও উল্লেখ করা হয়েছে। নিউইয়র্ক মেয়রের কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, ওই হামলায় হামাস ১ হাজার ১০০-এর বেশি ইসরাইলিকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এরপর গাজ্জায় ইসরাইলের ব্যাপক সামরিক অভিযান শুরু হয়।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজ্জায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও ১ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৫ হাজার আহত হয়েছেন।

নিউইয়র্কের মেয়র হিসেবে ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে এটিই মামদানির প্রথম আনুষ্ঠানিক মন্তব্য। এতে তিনি একই সঙ্গে ৭ অক্টোবরের হামলায় নিহত ইসরাইলিদের প্রতি শোক প্রকাশ এবং গাজ্জায় ইসরাইলি সামরিক অভিযানের জন্য আমেরিকার ভূমিকার সমালোচনা করেছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর, নিউইয়র্ক মেয়রের কার্যালয়ের ওয়েবসাইট ও সিবিএস নিউইয়র্ক

spot_img
spot_img
spot_img

সর্বশেষ