পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি এলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না বলে স্পষ্ট মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, মক্কা ও মদিনা বিশ্বের সকল মুসলমানের ঐক্যের প্রতীক। এটি সাধারণ কোনো কূটনীতির বিষয় নয়, এর সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ জড়িত।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো মক্কা জোটে যোগ দেয়নি। আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার পরই সৈন্য পাঠানোর প্রশ্ন আসে। যেহেতু বাংলাদেশ এখনো জোটে যোগ দেয়নি, তাই এই মুহূর্তে সেনা পাঠানোর কোনো প্রশ্নই নেই। তবে সৌদি আরবের এই কঠিন সময়ে বাংলাদেশ তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং হামলা বন্ধের আহ্বান জানাচ্ছে।
তিনি আরও জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্সের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষ সবসময় সৌদিবাসীর পাশে রয়েছে।
সৌদির মূল তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের হামলার কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে কোনো প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এই মুহূর্তে দেশের জ্বালানি খাতে কোনো বড় শঙ্কা দেখছেন না তারা। জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরব সফরে আছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের আগাম প্রস্তুতির কারণে কোনো সমস্যা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জনেরও বেশি আহত হওয়ায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অবিলম্বে এই সংঘাতের অবসান কামনা করেন।











