spot_img
spot_img

ফেরত আসা আফগানদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ইউরোপীয় ইউনিয়নের

ফেরত আসা আফগানদের মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ সহায়তার ক্ষেত্রে তাদের সমাজে পুনঃএকীভূত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেগুলোর টেকসই সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হবে।

আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রী মাওলানা আবদুল কবির এবং আফগানিস্তানে ইইউর নবনিযুক্ত প্রতিনিধি নিকোলা বেলোমোর মধ্যে বৈঠকে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বৈঠকে দেশে ফিরে আসা আফগানদের জন্য মানবিক সহায়তা, তাদের সমাজে পুনঃএকীভূত করা এবং তাদের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটাতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন দুই কর্মকর্তা।

বেলোমো লাখ লাখ আফগানের দেশে ফিরে আসার বিষয়টি ইমারাতে ইসলামিয়ার পরিচালনার প্রশংসা করেন। তিনি বলেন, প্রায় ৮০ লাখ মানুষের ফিরে আসার কারণে তৈরি হওয়া চ্যালেঞ্জ সত্ত্বেও এ প্রক্রিয়া সফলভাবে পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, ইইউ আফগানদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতা এবং দেশে ফিরে আসা আফগানদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করার প্রস্তুতির কথাও জানান তিনি।

মাওলানা আবদুল কবির বলেন, দেশে ফিরে আসা আফগানদের জন্য টেকসই সমাধান তৈরির লক্ষ্যে ইমারাতে ইসলামিয়া কাজ করছে। তিনি জানান, তাদের বসবাসের জন্য ৮০টি টাউনশিপ নির্ধারণ করা হয়েছে।

তিনি ইইউকে এসব আবাসিক টাউনশিপ নির্মাণে সহযোগিতা করার আহ্বান জানান। একইসঙ্গে পর্যাপ্ত আবাসন ও সহায়তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে নারী এবং যেসব ফেরত আসা আফগানের পরিবারের কোনো সহায়তা নেই, তাদের জন্য পর্যাপ্ত আবাসন ও সহায়তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ