আমেরিকার নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ‘সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ঘাটতি হয়েছে কি না, সরকার অবশ্যই তা খতিয়ে দেখবে।’
তিনি আরও বলেন, ‘এর আগেও বিদেশে হেনস্তার ঘটনার পর থেকে যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, সে সম্পর্কে আমি অবগত। এ ক্ষেত্রে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, তারা যদি এ ধরনের অপচেষ্টা অব্যাহত রাখেন, তবে তা চ্যালেঞ্জহীনভাবে ছেড়ে দেওয়া হবে না। তাদের কঠোর জবাব দেওয়া হবে।’











