spot_img
spot_img

সৌদির সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতা বাড়াতে আফগানিস্তানের আলোচনা

সৌদি আরবের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে আফগানিস্তান। এ ক্ষেত্রে সৌর ও বায়ুশক্তি প্রকল্প উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের পানিসম্পদ ও জ্বালানি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, সরকারি সফরে সৌদি আরবে থাকা আফগানিস্তানের পানিসম্পদ ও জ্বালানিমন্ত্রী মাওলানা মুহাম্মদ ইউনুস আখুন্দজাদা একটি প্রতিনিধি দল নিয়ে সৌদি আরবের জ্বানি উপমন্ত্রী মুহাম্মদ ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে সম্ভাব্য জ্বালানি প্রকল্প, কারিগরি দক্ষতা বিনিময় এবং নবায়নযোগ্য জ্বালানি সম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

মাওলানা আখুন্দজাদা সহযোগিতার সম্ভাবনা যাচাই করতে সৌদি আরবের জ্বালানি উপমন্ত্রী ও কারিগরি কর্মকর্তাদের আফগানিস্তান সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রণালয়ের তথ্যমতে, সৌদি জ্বানি উপমন্ত্রী এ আমন্ত্রণকে স্বাগত জানান এবং শিগগিরই একটি কারিগরি দল আফগানিস্তান সফর করবে বলে জানান।

পরিকল্পিত এ সফরে আফগানিস্তানের জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ চিহ্নিত করা এবং যৌথ প্রকল্প বাস্তবায়নের বাস্তবসম্মত উপায় খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানি সম্পদের উন্নয়নের প্রচেষ্টার মধ্যেই এ আলোচনা অনুষ্ঠিত হলো।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ