spot_img
spot_img

পশু জবাইয়ের নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি গরু নিয়ে মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় গরু ভোজের অধিকারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

মিছিলে ‘লাল গরু না কালা গরু, লাল গরু লাল গরু’, ‘লালডা না কালাডা, লাল ডা লাল ডা’, ‘তোমার আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ এবং ‘গরু খাওয়ার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এর আগে ঘোষিত গরু ভোজ কর্মসূচির জন্য গরু কেনার বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সহকারী সাধারণ সম্পাদক মাসুদ রানা।

মাসুদ রানা বলেন, “কেউ যেন ভবিষ্যতে গরু খাওয়া আটকানোর দুঃসাহস না দেখাতে পারে, সেই বিশেষ বার্তা দিতেই আমাদের এই আয়োজন। আমরা প্রশাসনের বার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করব। অন্যান্য ধর্মাবলম্বীদের কথা বিবেচনায় রেখে গরুর পাশাপাশি একটি ছাগলও রাখা হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের নিবন্ধন থেকে প্রায় ৫০ হাজার টাকা এসেছে। এর সঙ্গে বিভিন্নভাবে অর্থসহায়তা এসেছে। এসব অর্থ দিয়েই এই গরু কেনা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে খাবার বিতরণ করা হবে। সবাইকে দাওয়াত জানাচ্ছি। কী পরিসরে রান্না হবে এবং কীভাবে খাবার বিতরণ করা হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।”

এর আগে বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কথা উল্লেখ করে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের এ সিদ্ধান্তের প্রতিবাদে পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গরু ও খাসির মাংস অন্তর্ভুক্ত করা এবং ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করার দাবি জানান সংগঠনটির নেতারা।

পরে শিক্ষার্থীদের উদ্যোগে ‘জবিয়ানদের গরু ভোজ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ৭০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ