spot_img
spot_img

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আসন্ন দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে উৎসব উদযাপন করতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াত আমীর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে বিবৃতিটি পাঠানো হয়।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ আমাদের ৫৫ হাজার বর্গমাইলের প্রিয় বাংলাদেশ। এ দেশে অনেক আগে থেকেই সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ রীতিতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। এই ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজায় এ সম্প্রদায়ের সব মানুষ পূর্ণ নিরাপত্তার সঙ্গে তাদের উৎসব পালন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জামায়াত আমীর বলেন, দেশের সুন্দর অতীত ঐতিহ্যের আলোকে হিন্দু সম্প্রদায়ের মানুষ এবারও যেন পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য তিনি সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে নিজস্ব অবস্থান থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন, এটাই প্রত্যাশা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ