নিয়োগ ও দায়িত্ব বণ্টনে স্বজনপ্রীতি চলবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু
তিনি বলেন, নিজের সন্তান বা পরিবারের সদস্যের চাকরির সুপারিশ নিয়ে কোনো এমপি বা ভাই ফোন করলেও আমি কাউকে অন্যায্য সুবিধা দেব না।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী রেশম কারখানা চত্বরে অবস্থিত আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তুঁতচারা রোপণ এবং কারখানার ১৫টি বন্ধ পাওয়ার লুম পুনরুদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, রেশম মিল কিংবা কর্মকর্তাদের জিম্মি করে যেকোনো ধরনের ব্যক্তিস্বার্থ হাসিল কোনোভাবেই সহ্য করা হবে না এবং কারখানা জিম্মি করে কোনো নেতাগিরি চলবে না।
তিনি বলেন, ঐতিহ্যবাহী রাজশাহী রেশম কারখানা এ অঞ্চলের মানুষের অন্ন জোগায় এবং পরিবারগুলোর জীবিকার প্রধান অবলম্বন। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বর্তমানে কারখানায় ১৫টি লুম সচল রাখা সম্ভব হয়েছে। খুব শীঘ্রই কারখানার উৎপাদন ক্ষমতা বাড়াতে লুমের সংখ্যা ১৫টি থেকে বাড়িয়ে ২৫টিতে উন্নীত করা হবে।
অসুস্থ শ্রমিক রাজনীতির সমালোচনা করে মন্ত্রী বলেন, রেশম কারখানাকে জিম্মি করে কেউ সাময়িক ফায়দা লুটতে পারলেও তাতে স্থায়ী কোনো কল্যাণ আসবে না; বরং নিজেদের ভুলের কারণে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতির মুখে পড়বে। তাই অহেতুক নেতৃত্ব ফলানো বা জিম্মি করার মানসিকতা ত্যাগ করতে হবে।
তিনি আরও বলেন, কারখানার অস্তিত্ব রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে যারা ভূমিকা রাখবে, কেবল তাদেরই এখানে কাজ করার সুযোগ থাকবে। এই প্রতিষ্ঠান মানুষকে রিজিক দেয়; প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে হলেও শ্রমিক-কর্মচারীদের পাশে দাঁড়াব, কিন্তু প্রতিষ্ঠানের ক্ষতিকারক কাউকে প্রশ্রয় দেওয়া হবে না।
দীর্ঘ ৪২ বছর সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, বয়স ও শারীরিক বাস্তবতায় একসময় নতুন ও যোগ্যদের হাতে দায়িত্ব তুলে দেওয়াটাই স্বাভাবিক নিয়ম।
অনুষ্ঠানে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মো. আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইউসুফ আলী এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈসা, রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবসায়ী মো. আসলাম সরকার, মো. আশরাফ জামাল প্রমুখ।











