দেশের সার্বিক সংকট নিরসনে রাজপথে গণআন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ নানামুখী সামাজিক ও অর্থনৈতিক সমস্যায় দেশের সাধারণ মানুষ জর্জরিত। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার সুনিশ্চিত করা এবং দেশের সার্বিক সংকট নিরসনে রাজপথে গণআন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।
রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় খুলনার ফুলতলা উপজেলা দলীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ও ফুলতলা বাসস্ট্যান্ড চত্বরের পথসভার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ব্যানারে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ এবং ফুলতলা বাসস্ট্যান্ড চত্বরের পথসভাকে ঐতিহাসিক গণজোয়ারে পরিণত করার আহ্বান জানান গোলাম পরওয়ার।
দেশ আজ কঠিন সময় অতিক্রম করছে উল্লেখ করে তিনি বলেন, খেটে খাওয়া মেহনতি মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবার, সবাই দৈনন্দিন জীবন পরিচালনায় হিমশিম খাচ্ছে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে আমাদের বসে থাকার সুযোগ নেই।
তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। জনগণের অধিকার ও স্বস্তি নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।











