নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন ১৩ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন। অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২৫ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে এক শিশু নাটোর সদর হাসপাতালে মারা যায়। এ ছাড়া অন্য হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর নাটোর-পাবনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্র এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।











