spot_img
spot_img

গোপনে ইসরাইল সফরে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলে অনঘোষিত সফরে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার (১৯ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে বলা হয়েছে, সফরের সময় হেগসেথ নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। তবে সফর ও বৈঠকের বিষয়ে পেন্টাগন এবং ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।

রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে হেগসেথের ইসরাইল সফর ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। তবে হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি মধ্যপ্রাচ্যসহ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় মার্কিন সেনাদের সঙ্গে দেখা করেছেন।

হেগসেথের এই সফর এমন সময়ে হলো, যখন আগামী ২৭ অক্টোবর দখলদার ইসরাইলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহু কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে রয়েছেন। বিভিন্ন জনমত জরিপে তার নেতৃত্বাধীন ধর্মীয়-জাতীয়তাবাদী জোটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর সম্ভাবনার কথা উঠে এসেছে।

এর এক দিন আগে রোববার (১৮ অক্টোবর) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনে নেতানিয়াহুর প্রতি প্রকাশ্য সমর্থন ঘোষণা করেন। ট্রাম্প নেতানিয়াহুকে ‘গ্রেট ওয়ারিয়র’ হিসেবে উল্লেখ করে তার পুনর্নির্বাচনের প্রতি সমর্থন জানান।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে হামলার পর এটিই দখলদার ইসরাইলে প্রথম পার্লামেন্ট নির্বাচন। ওই হামলার পর গাজ্জা, লেবানন ও ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হয়।

ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তার ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে নেতানিয়াহুর প্রতি নিজের পূর্ণ সমর্থনের কথা জানান। ট্রাম্প বলেন, ‘বিবি (নেতানিয়াহু) আপনাদের কখনো হতাশ করবেন না।’

এদিকে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলের নির্বাচনে তিনি জড়াতে চান না।

সূত্র: রয়টার্স, অ্যাক্সিওস, আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ