spot_img
spot_img

মায়ের কোলে শিশুর মতো বিএনপি আমলে সবাই নিরাপদ: গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেছেন, মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ, তেমনি এ সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করছে ও স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করছে। বিএনপি সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না।

সোমবার (১৯ অক্টোবর) রাতে পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ সোহেল মঞ্জুর বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাঁচতে পারেন। তারা স্বাধীনভাবে ও নিরাপত্তার সাথে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন। দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীরা মন্দির কমিটির সাথে সমন্বয় করে কাজ করছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয়তাবাদী দলকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপে মন্দির কমিটির সদস্য ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, ইউএনও রেহেনা আক্তার, কাউখালী থানার ওসি মো: আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ