বিগত নয় মাসে গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় ২৬০ জন মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, এ পরিস্থিতি আমাদের শঙ্কিত করছে। দেশে শক্তিশালী সরকার থাকলে, আইন-আদালতের ওপরে মানুষের আস্থা থাকলে এবং আইনের প্রয়োগ থাকলে এত বিপুলসংখ্যক মানুষ মৃত্যুর শিকার হতেন না
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, বিগত নয় মাসে ১৯৬টি গণপিটুনির ঘটনায় ৪০১ জন আহত হয়েছেন। একই সময়ে ১ হাজার ১৩টি রাজনৈতিক সংঘাতের ঘটনায় ৭৩ জন নিহত ও ৬ হাজার ৪৭৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ৯১ শতাংশ ঘটনাই বিএনপির অভ্যন্তরীণ কোন্দল অথবা প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংঘর্ষের।
তিনি বলেন, এই নয় মাসের অধিকাংশ সময়ই বিএনপি ক্ষমতায় ছিল। দায়িত্ব গ্রহণের পর সাত মাস অতিক্রান্ত হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা সরকারের ব্যর্থতাকেই তুলে ধরছে।
তিনি আরও বলেন, নানা ব্যর্থতা ও অসদাচরণের দায়ে সরকারের এমপি-মন্ত্রীদের পদত্যাগ করার বা করানোর যে সংস্কৃতির সূচনা হয়েছে, তা ইতিবাচক। এর ধারাবাহিকতা বজায় থাকা উচিত। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কর্তাব্যক্তিদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।











