রাজধানীর ভাটারায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত চলে।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িটিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকার ওই বাড়িটি অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ভাড়া দিয়েছিলেন। বাড়িটি অনলাইনভিত্তিক স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার মাধ্যমে পরিচালিত হতো। সেখান থেকে মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির জানান, বাড়িটি একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে পরিচালিত হতো। অভিযানে কো-হোস্ট মাহবুবুল আলমকেও আটক করা হয়েছে। বাড়িটি ভাড়া দিয়ে যে আয় হতো, তার ৭০ শতাংশ আবদুল্লাহ আল জহির নিতেন বলেও তিনি জানান।
এদিকে আবদুল্লাহ আল জহিরের বক্তব্য অনুযায়ী, তিনি বাড়িটি নিয়ম মেনে ভাড়া দিয়েছিলেন। বাড়িটি ভাড়া নেওয়ার সময় মাদক, মদসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার বিষয়টি ভাড়াটিয়াদের জানানো হয়েছিল। ওই বাড়িতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকলে এর দায় ভাড়াটিয়াদের বলে দাবি করেন তিনি।
তবে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অবৈধ ডিজে পার্টির আয়োজন চলছিল। এ তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।











