বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিনগ্রাম স্কুল মাঠে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রস্তাব সংসদে উত্থাপনের সময় বিরোধীদলের সদস্যরা উপস্থিত থাকবেন।
বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের বন্দীদের খোঁজখবর নিতে রাষ্ট্রদূতদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় না, এমন অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এলে তা তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঢালাওভাবে এ ধরনের অভিযোগ করা সঠিক নয়।
সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আইনমন্ত্রী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে ওই দুই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র না দেখে মন্তব্য করা সমীচীন হবে না।
তিনি আরও বলেন, সৌদি সরকারের সিদ্ধান্তের যৌক্তিকতা ও বৈধতা এবং ভিয়েনা কনভেনশনের সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা না করে এ বিষয়ে মন্তব্য করা উচিত হবে না।











