আফগানিস্তানে স্থিতিশীলতা ছাড়া পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার।
মঙ্গলবার (২১ অক্টোবর) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সরকারপ্রধানদের পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।
ইসহাক দার বলেন, দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা ছাড়া এ অঞ্চলে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। পাকিস্তান একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, আঞ্চলিকভাবে সমন্বিত ও সমৃদ্ধ আফগানিস্তান চায় বলেও জানান তিনি।
আফগানিস্তানের উন্নয়ন ও দেশটির জনগণের কল্যাণে সহায়তা করতে পাকিস্তান বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছে বলেও উল্লেখ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় আফগান ভূখণ্ড যেন পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে ইমারাতে ইসলামিয়ার প্রতি আহ্বান জানান ইসহাক দার।
পাকিস্তানি কর্মকর্তারা বারবার অভিযোগ করে আসছেন, দেশটিতে হামলাগুলো আফগান ভূখণ্ড থেকে পরিচালিত হচ্ছে। তবে ইমারাতে ইসলামিয়া এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, পাকিস্তানের ‘নিরাপত্তাগত ব্যর্থতার’ জন্য আফগানিস্তান দায়ী নয়।
সূত্র : আরিয়ানা নিউজ











