আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তার পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধার ও বেসরকারি খাতের উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে কাতার। একইসঙ্গে দেশটির জন্য আরও স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তুলতে অব্যাহত আন্তর্জাতিক সম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে দেশটি।
মঙ্গলবার (২১ অক্টোবর) কাতারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম বিনতে আলী বিন নাসের আল-মিসনাদ দোহায় আফগানিস্তান সমন্বয় গ্রুপের বৈঠকে এসব কথা বলেন।
আল-মিসনাদ বলেন, গত এক দশকে আফগানিস্তানে মানবিক ও উন্নয়নমূলক প্রকল্পের জন্য কাতার প্রায় ১৫ কোটি ডলার সহায়তা দিয়েছে এবং দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জরুরি সাড়াদান কার্যক্রমে এই সহায়তা দেওয়া হয়েছে।
তিনি বলেন, তীব্র মানবিক প্রয়োজন ও অর্থনৈতিক সংকট এখনো আফগান পরিবারগুলোকে প্রভাবিত করছে। একইসঙ্গে মানুষের দেশে ফিরে আসা ও বাস্তুচ্যুত হওয়ার কারণে সরকারি সেবা এবং মানুষের জীবিকার ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, শিক্ষা ও পানির সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রেও এখনো জরুরি প্রয়োজন রয়েছে।
আল-মিসনাদ জোর দিয়ে বলেন, সহায়তা অবশ্যই স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে এবং মানবিক নীতিমালা অনুসরণ করে দিতে হবে। একইসঙ্গে নারী ও তরুণসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণে আফগানদের নিজেদের নেতৃত্বে একটি সর্বব্যাপী রাজনৈতিক প্রক্রিয়া থাকতে হবে। এ প্রক্রিয়ায় দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে হবে।
২০১৩ সালে দোহা শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আফগানিস্তান বিষয়ে সংলাপ সহজতর করতে কাতারের ভূমিকার কথা তুলে ধরেন আল-মিসনাদ। একইসঙ্গে আফগান শরণার্থীদের জন্য সমাধান কৌশল এবং আফগানিস্তান মানবিক তহবিলের মতো উদ্যোগে কাতারের সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, জাতিসংঘের নেতৃত্বাধীন দোহা প্রক্রিয়া রাজনৈতিক সম্পৃক্ততা ও বাস্তবভিত্তিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আন্তর্জাতিক প্রচেষ্টায় বাস্তব ফলাফল অর্জন করা সম্ভব এমন ক্ষেত্র হিসেবে তিনি মাদকবিরোধী কার্যক্রম ও বেসরকারি খাতের উন্নয়নের কথা উল্লেখ করেন।
বৈঠকে অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক এজেন্ডায় আফগানিস্তানের অবস্থান ধরে রাখা, সুস্পষ্ট অগ্রাধিকার নির্ধারণ এবং আফগান জনগণের প্রতি নিজেদের প্রতিশ্রুতি নতুন করে জোরদার করার আহ্বান জানান আল-মিসনাদ। একইসঙ্গে বৃহত্তর রাজনৈতিক প্রচেষ্টার পরিপূরক হিসেবে কারিগরি সহযোগিতাও চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
সূত্র : আরিয়ানা নিউজ











