spot_img
spot_img

সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। গণমাধ্যমকর্মী, সরকার ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (২১ অক্টোবর) রাতে ভোলা-১ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, সাইবার নিরাপত্তা আইনসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা চলছে। এ বিষয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার মালিকসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে। কীভাবে সাংবাদিকরা সুরক্ষা পাবেন এবং সাধারণ মানুষও সুরক্ষা পাবেন, তা নিয়ে আলোচনা চলছে। এ প্রক্রিয়া চলমান রয়েছে এবং সামনে এ বিষয়ে ভালো কিছু আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন পূর্ববর্তী সময় থেকেই নিরাপত্তার বিষয়টি বলা হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। হিন্দু-মুসলমান সবাই মিলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করছেন।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে জেনেছেন, কোথাও কোনো নিরাপত্তার আশঙ্কা নেই। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর পরিবেশে সবাই ধর্মীয় উৎসব পালন করছেন।

নেত্রকোনায় সাংবাদিক হত্যার ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে আন্দালিব রহমান পার্থ বলেন, শুধু সাংবাদিক নয়, যেকোনো নাগরিকের ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটলে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের সময় স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিজেপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: যুগান্তর, বার্তা বাজার, আপন দেশ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ