আগামী ১০ বছরের মধ্যেও গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।
তিনি বলেন, বিত্তবান বা প্রভাবশালী হওয়ার চেয়ে সমাজে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে, এমন মানুষদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তৈরি করা উচিত। নির্বাচন কমিশনকে এমন একটি গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি করতে হবে, যাতে সাধারণ মানুষও নির্বাচনে অংশ নিতে পারেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে বলেও প্রত্যাশা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।











