spot_img
spot_img

আফগান সীমান্ত সুরক্ষায় তাজিকিস্তানকে অস্ত্র দেবে রাশিয়া ও সিএসটিও

আফগানিস্তানের সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ২০২৬ সালের শেষ নাগাদ তাজিকিস্তানকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু করবে রাশিয়া ও যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) অন্যান্য সদস্য দেশ। সিএসটিওর মহাসচিব তালাতবেক মাসাদিকভ এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে মাসাদিকভ জানান, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও বেলারুশ থেকে প্রথম দফার সরবরাহ শরৎকালে শুরু হবে বলে আশা করা হচ্ছে। বছর শেষ হওয়ার আগ পর্যন্ত এসব সরবরাহ অব্যাহত থাকবে। এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম তাজিকিস্তানের সীমান্ত নিরাপত্তা সক্ষমতা জোরদারে ব্যবহার করা হবে।

মাসাদিকভ জোর দিয়ে বলেন, এই উদ্যোগ আফগানিস্তানের বিরুদ্ধে পরিচালিত নয় এবং এটি আফগানিস্তানের জন্য কোনো হুমকি তৈরি করবে না।

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীলতা নিয়ে মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে উদ্বেগ রয়েছে। তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘ ও পার্বত্য সীমান্ত রয়েছে। সীমান্তপারের নিরাপত্তা হুমকি নিয়েও দেশটি বারবার উদ্বেগ প্রকাশ করেছে।

এ অঞ্চলের নিরাপত্তা নিয়ে বৃহত্তর উদ্বেগের মধ্যে রাশিয়া ও তার আঞ্চলিক অংশীদাররা তাজিকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সহযোগিতা করে আসছে। একই সময়ে রাশিয়া ও উজবেকিস্তানও চলতি সপ্তাহে যৌথ সামরিক মহড়া পরিচালনা করছে।

রাশিয়ার নেতৃত্বাধীন সিএসটিওর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান। মধ্য এশিয়ায় সহযোগিতার ক্ষেত্রে সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে সংস্থাটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ