সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স থেকে নগদ ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে। এ ছাড়া সেখান থেকে স্বর্ণ, রুপা ও ১৮টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।
শনিবার (২৪ অক্টোবর) দিনভর দানবাক্স ও ডেগের অর্থ গণনা শেষে সন্ধ্যায় প্রাপ্ত অর্থ ও মূল্যবান সামগ্রীর হিসাব ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
গণনার হিসাবে, প্রাপ্ত স্বর্ণের পরিমাণ ১ ভরি সাড়ে ৮ আনা এবং রুপার পরিমাণ ৩ ভরি ১৩ আনা। বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ১৪ পাউন্ড, ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি, ২০ থাই বাথ, ৯৩ সৌদি রিয়াল, ১১ মালয়েশিয়ান রিঙ্গিত, ২৯ মার্কিন ডলার, ১ হাজার ৩৫০ দশমিক ৫০ ওমানি বাইসা, ৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ১৫ মালদ্বীপের রুপি, ১৭ কাতারি রিয়াল, ৭ ইউরো ৩৩ সেন্ট, ১০০ বাহরাইনি পয়সা, ১০ হংকং ডলার, ১ ব্রুনাই ডলার, ৫৫ নেপালি রুপি, ১০০ পাকিস্তানি রুপি, ৫০ রুশ রুবল ও ৫০০ শ্রীলঙ্কান রুপি।
প্রসঙ্গত, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে ২৩ সেপ্টেম্বর গঠিত কমিটির সভায় দানের অর্থ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মাজারের মোট আয়ের ৩৫ শতাংশ উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ মাজারের দৈনন্দিন খরচ ও অন্যান্য ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
এর আগে ২২ জুন, ১১ জুলাই, ১৫ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর মাজারের ডেগ ও দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়েছিল। গণনা শেষে পাওয়া অর্থ জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় নতুন করে চালু করা একটি ব্যাংক হিসাবে জমা রাখা হয়।











