ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার গোপন বৈঠক করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন লেখেন, গত ১৬ অক্টোবর মাগরিবের পর বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ওই বৈঠক হয়। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াত নেতা এ. টি. এম. মাছুমসহ মোট তিনজন অংশ নেন বলে দাবি করেন তিনি।
তিনি প্রশ্ন করেন, যারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখেন, তারা কী কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার এই কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছেন। কোনো ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করা এবং ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক হওয়া এক বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন আরও লেখেন, মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতি করেন, তাহলে তিনি গোপন এই বৈঠকের বিষয়টি খোলাসা করবেন বলে আশা করেন। অন্যথায় জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে ধরে নেওয়া হবে।
তিনি দাবি করেন, এই ষড়যন্ত্রের প্রথম ফাঁদ হলো আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের ছক।
নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া প্রথম পোস্টের প্রায় এক ঘণ্টা পর আবারও একটি স্ট্যাটাস দেন রাশেদ খাঁন। সেখানে তিনি দাবি করেন, ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ার ও এ. টি. এম. মাছুমের গোপন বৈঠকের তথ্যটি ‘শতভাগ সত্য’।











