ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আমেরিকা শুরু করেনি বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, তিনি ক্ষমতায় আসার অনেক আগেই এই সংঘাতের অবসান হওয়া উচিত ছিল।
বুধবার (২৮ অক্টোবর) আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগে ওহাইও অঙ্গরাজ্যের চিলিকোথে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ট্রাম্প। ৩ নভেম্বর দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ট্রাম্প দাবি করেন, ইরানের কাছে এখনো ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে আগের তুলনায় তা অনেক কম। ইরানের ড্রোন উৎপাদনকারীরাও সংকটে পড়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, বিদ্যুৎ না থাকায় ড্রোন নির্মাতারা উৎপাদন চালাতে পারছে না।
ট্রাম্প বলেন, আমরা এই যুদ্ধ শুরু করিনি। তিনি আরও বলেন, আমি এখানে আসার অনেক আগেই এই সংঘাতের সমাধান করা উচিত ছিল।
তবে চলমান যুদ্ধের সূচনা নিয়ে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও নথির তথ্যের অমিল রয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আমেরিকা ও ইসরাইল ইরানে সমন্বিত হামলা শুরু করে। এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা চলছিল। ২৬ ফেব্রুয়ারি জেনেভায় দুই পক্ষের মধ্যে সর্বশেষ দফার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল।
এর আগে ২০২৫ সালেও ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আমেরিকা ও ইসরাইল হামলা চালিয়েছিল। চলমান সংঘাতের আগে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা ও সামরিক উত্তেজনা পাশাপাশি চলছিল।
সূত্র: আল জাজিরা











