spot_img
spot_img

সচিবালয় স্থানান্তরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ এবং মাঠ পুনরুদ্ধারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবারের কর্মসূচিতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট দিয়ে বের হয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ঘুরে চীন মৈত্রী সিগন্যালে গিয়ে অবস্থান নেন তারা। সেখানে প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

পরে মিছিল নিয়ে বিজয় সরণি-মিরপুর মহাসড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত কমপ্লেক্সের সামনে যান তারা। সেখানে বিভিন্ন স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘গবেষণায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘কথায় কথায় ঢাকা ছাড়, ঢাকা কি তোর বাপ-দাদার’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পুরোনো বাণিজ্য মেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ওই দিন তারা মেলা কর্তৃপক্ষকে মাঠ থেকে মেলা সরিয়ে নেওয়ার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে মেলা সরিয়ে না নেওয়ায় বুধবার (২৮ অক্টোবর) মেলার গেট ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমরা কোনো সংঘাত চাই না, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের মাঠ ফেরত চাই। কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মাঠে অন্য স্থাপনা নির্মাণের উদ্যোগ কোনোভাবেই কাম্য নয়। বারবার দাবি জানানোর পরও সমাধান না পাওয়ায় আমরা আন্দোলনে নেমেছি। দ্রুত মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ