spot_img
spot_img

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রকারীদের ছাড় দেয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো অপশক্তি বা চক্র ষড়যন্ত্রের চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ষড়যন্ত্রে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে লালমনিরহাট ও নীলফামারীতে তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) প্রতিবেদন তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় ইতোমধ্যে এতে সম্মতি দিয়ে স্বাক্ষর করেছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রীর স্বাক্ষর সম্পন্ন হলে পরবর্তী কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত নিয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করতে প্রায় ৯ থেকে ১০ মাস সময় লাগবে। সব প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী এ মহাপরিকল্পনার উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশ-বিদেশে বিভিন্ন আলোচনা চলছে উল্লেখ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রকল্পটি ঘিরে কেউ ষড়যন্ত্রের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নদী থেকে অবৈধ ও অনিয়ন্ত্রিত বালু উত্তোলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যত্রতত্র বালু উত্তোলন বন্ধে পানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগী সংস্থা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) কাজ শুরু করেছে।

দেশের কোন কোন নদী থেকে বালু উত্তোলন করা যাবে এবং কোনগুলো থেকে যাবে না, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হচ্ছে। শিগগিরই তালিকাটি জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। এর ফলে নদী থেকে অনিয়ন্ত্রিত বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ