spot_img
spot_img

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১৮৫টি কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল জানা যায়। ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।

নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আসনটির তিনটি উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ