সীমান্তপথে চলাচলকারী যানবাহন ও পণ্য সম্পর্কে আগাম ইলেকট্রনিক পদ্ধতিতে শুল্ক তথ্য বিনিময়ের সুযোগ তৈরি করতে তুরস্ক ও উজবেকিস্তান একটি অতিরিক্ত প্রটোকল স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাখতিয়ার সাইদভের মধ্যে প্রটোকলটি স্বাক্ষরিত হয়। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মির্জিয়োয়েভ উপস্থিত ছিলেন।
তুর্কি রাষ্ট্রগুলোর সংস্থার (OTS) ১৩তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে মির্জিয়োয়েভ তুরস্ক সফর করছিলেন।
প্রটোকলটির মাধ্যমে দুই দেশের মধ্যে চলাচলকারী যানবাহন ও পণ্যবাহী কার্গো সম্পর্কে আগাম তথ্য বিনিময়ের একটি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এর লক্ষ্য হলো শুল্ক ছাড়পত্রের প্রক্রিয়া দ্রুত করা, সীমান্ত গেটে অপেক্ষার সময় কমানো এবং দুই দেশের শুল্ক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করা।
তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ চুক্তির মাধ্যমে দুই দেশের শুল্ক সহযোগিতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দ্বিপক্ষীয় ও ট্রানজিট বাণিজ্যকে আরও দ্রুত, নিরাপদ ও টেকসই করতে শুল্ক কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় সাধনেও এটি সহায়তা করবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, উজবেকিস্তানের সঙ্গে শুল্ক সহযোগিতা আরও গভীর করা, সীমান্তপথে বাণিজ্য সহজ করা এবং রপ্তানিকারক ও আন্তর্জাতিক পরিবহন পরিচালনাকারীদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র : আনাদোলু এজেন্সি











