spot_img
spot_img

একটি শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই অনিয়মের অভিযোগ তুলে জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা কারও নাম উল্লেখ না করে নির্বাচনের শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয়প্রতিপন্ন করাই তাদের লক্ষ্য। তবে জনগণ সচেতন, অপপ্রচার চালিয়ে জামায়াত সফল হতে পারবে না।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফাত আলী সফু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরীন সুলতানা, বিএনপি নেতা ও সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি এবং যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল শ্যামল।

এ সময় যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ ও বাদল সরদারের সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ