spot_img
spot_img

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিনের সরকারি জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ২টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন জানান, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার ভোর ২টা ৪৮ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের তুলনায় ফ্লাইটটির যাত্রায় বিলম্ব হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সফরকালে প্রধানমন্ত্রী জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি, উন্নয়ন সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া ২৮ অক্টোবর টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সদর দপ্তরে আয়োজিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরাম সংলাপে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে মোটরগাড়ি উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ, দ্রুতগতির রেল ও লজিস্টিকস এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ পাঁচটি অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান জানান।

সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারে বিভিন্ন সমঝোতা ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জাপানের বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরের তথ্যও জানিয়েছে সরকার।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ