ভারতে মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদ ভেঙে দেওয়া, মাইকে আজান ও নামাজে বাধা এবং মুসলিম নারীদের হিজাবকে জঙ্গি হিসেবে আখ্যা দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি দাবি করেছেন, গরু পাচারের অপবাদে মুসলিমদের বাছাই করে হাঁটুর নিচে গুলি করে পঙ্গু বানানো হচ্ছে এবং মুসলিমদের পুশ-ইন করে বাংলাদেশে পাঠানো হচ্ছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ‘ভারতে মুসলিম নিধন ও মসজিদ আক্রমণের প্রতিবাদে’ জাগপা আয়োজিত পল্টনের বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, আসাম ও দিল্লিতে মুসলিমদের ঘরবাড়ি ভেঙে উচ্ছেদ করা হয়েছে এবং মসজিদ ভেঙে ফেলা হয়েছে। গোটা ভারতে মাইকে আজান দেওয়া ও নামাজ পড়ায় বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, মুসলিম নারীদের হিজাবকে জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে এবং মাদরাসার সাপ্তাহিক ছুটি শুক্রবার থেকে বাতিল করা হচ্ছে।
তিনি আরও বলেন, যে ভারত বাংলাদেশকে সম্প্রীতির শিক্ষা দেয়, সেই ভারতেই উগ্র হিন্দুত্ববাদের রূপ ধারণ করে মুসলিম নিধন চলছে।











