spot_img
spot_img

সাত দফা দাবিতে ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ শুরু

সাত দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শুরু হয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এ কর্মসূচি শুরু হয়।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল ৮টায় প্রায় ৬০০ গাড়ির বহর নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে লংমার্চ। পথে বিভিন্ন জেলা থেকে আরও গাড়ি বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

লংমার্চটি শরীয়তপুরের জাজিরার নাওডোবা, মাদারীপুর, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাটের ফকিরহাট হয়ে খুলনায় প্রবেশ করবে। এরপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে সমাপনী জনসভায় অংশ নেবে।

পথে ছয়টি স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবা, সকাল ১১টায় বাগেরহাটের ফকিরহাটের কাটাখালীর মোড়, দুপুর সাড়ে ১২টায় খুলনা মহানগরীর বাবরী চত্বর এবং দুপুর ২টায় ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর রয়েছে।

এ ছাড়া বিকেল সাড়ে ৩টায় যশোরের মড়লীর মোড় এবং বিকেল ৫টায় ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে রাতে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লংমার্চের সর্বশেষ প্রস্তুতির কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলা ছাড়াও খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়াসহ মোট ১৯টি জেলার নেতাকর্মী ও সমর্থকেরা এতে অংশ নেবেন। ঢাকা থেকে শুরু হওয়া প্রায় ৬০০ গাড়ির বহরে পথে আরও গাড়ি যুক্ত হয়ে সংখ্যা প্রায় দেড় হাজারে পৌঁছাতে পারে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

জনগণের সাত দফা দাবি আদায় এবং সরকারের ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে এটি ১১ দলীয় ঐক্যের তৃতীয় দফার লংমার্চ। ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এই কর্মসূচিকে আগের দুটি লংমার্চের তুলনায় সবচেয়ে বড় কর্মসূচি হিসেবে উল্লেখ করেছেন মিয়া গোলাম পরওয়ার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ