spot_img
spot_img

স্বতন্ত্র রাজনীতি করলে আগামী নির্বাচনে এনসিপির প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর জোট থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে রাজনীতি করতে পারলে আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, এনসিপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দলটি শিগগিরই জামায়াতের জোট থেকে বের হয়ে আসতে পারে। শুক্রবার এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ও আসিফ মাহমুদের বক্তব্য থেকেও বিষয়টি আরও পরিষ্কার হয়েছে বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, ওই গণবিক্ষোভ থেকে ৩১ অক্টোবরের লংমার্চের পক্ষে তেমন কোনো বক্তব্য তাঁর চোখে পড়েনি।

রাশেদ খাঁনের মতে, দীর্ঘদিন পর এনসিপির গণবিক্ষোভে কয়েক হাজার মানুষের উপস্থিতি দলটির স্বতন্ত্র রাজনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত। জামায়াতের সঙ্গে জোট গঠনের পর এনসিপির কর্মসূচিগুলোতে তুলনামূলক কম জনসমাগম হচ্ছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি মনে করেন, স্বতন্ত্রভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারলে আগামী এক বছরের মধ্যে এনসিপি একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। একই সঙ্গে আওয়ামী লীগের শূন্যতা পূরণেও দলটি সক্ষম হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, এভাবে কাজ করতে থাকলে আগামী জাতীয় নির্বাচনেও এনসিপির প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা থাকবে। তাঁর মতে, এনসিপি দীর্ঘদিন ধরেই এমন রাজনৈতিক অবস্থানের স্বপ্নের কথা বলে আসছে। তবে জামায়াতের জোটে থেকে সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়।

এনসিপির স্বতন্ত্র রাজনীতির পথে দলটির আটজন সংসদ সদস্য বড় বাধা হয়ে উঠতে পারেন বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, ওই সংসদ সদস্যরা আগামী নির্বাচনেও জামায়াতের ভোটের ওপর নির্ভর করে জয়ী হওয়ার আশায় জোটের রাজনীতি ধরে রাখতে আগ্রহী। তবে এনসিপির অধিকাংশ নেতাকর্মী স্বতন্ত্র রাজনীতির পক্ষে বলে উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, এনসিপির জামায়াতের জোট ছাড়ার প্রাথমিক সিদ্ধান্ত শেষ পর্যন্ত চূড়ান্ত হয় কি না, নাকি দলটি জোটবদ্ধ অবস্থানই বজায় রাখে, তা দেখার বিষয়। একই সঙ্গে স্বতন্ত্র রাজনৈতিক পথ বেছে নেওয়ার ক্ষেত্রে এনসিপির প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ