ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জনগণ প্রমাণ করেছে, বিরোধীদলের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের টাঙন ব্যারেজে আয়োজিত মাছ ধরা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার আট মাসে কী করেছে, কী করেনি, তার মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের জন্য কী করছে, সেটিও মানুষ দেখছে। অন্যদিকে, যারা আজ বিক্ষোভের ডাক দিয়েছে, তারাই বিভিন্ন সময়ে লংমার্চ ও রোডমার্চ করেছে। কিন্তু উপনির্বাচনের ফলাফলে জনগণ তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বিপরীতে বিরোধীদলের প্রার্থী তুলনামূলক অনেক কম ভোট পেয়েছেন। এ ফলাফলই প্রমাণ করে, বিগত দিনে বিরোধীদল যেসব কর্মকাণ্ড করেছে, তাতে জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা কমেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার দেশব্যাপী খাল খনন ও নদী খননের উদ্যোগ গ্রহণ করেছে। এসব কাজ প্রধানমন্ত্রী নিজে তত্ত্বাবধান করছেন। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরে টাঙন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দেওয়া হয়। এতে স্থানীয় জেলে ও সাধারণ মানুষ মাছ ধরা উৎসবে মেতে ওঠেন।
এ সময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।











