ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন, এমন গুঞ্জনকে গুরুত্ব দিচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে তিনি সত্যিই দেশে ফেরার চিন্তা করলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্টাংশ রয়েছে, সেটুকুরও কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দৈনিক ‘পঞ্চগড় খবর’ পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন, এমন গুঞ্জনকে তারা গুরুত্ব দিচ্ছেন না। তবে সত্যিই যদি হাসিনা দেশে ফেরার চিন্তা করেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্টাংশ রয়েছে, সেটুকুরও কবর রচিত হবে।
গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পতিত স্বৈরাচারের পতন হয়েছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও পতনের পর কিছুদিন নানা ধরনের তৎপরতা দেখা গিয়েছিল। সর্বশেষ নির্বাচনে তাদের রাজনৈতিক অবস্থার অবসান হয়েছে। আওয়ামী লীগকে ঘিরে এখন যে কথাবার্তা শোনা যাচ্ছে, সেগুলো শেষ হতেও হয়তো কিছুটা সময় লাগবে।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে এখনো তীব্র ক্ষোভ রয়েছে। কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, আবার কেউ পরিবারের সদস্যকে হারিয়েছেন। তাদের ক্ষোভ কতটা তীব্র, তাদের সঙ্গে সরাসরি কথা বললেই তা বোঝা যায়। ৫ আগস্ট গণভবনে হাসিনা থাকলে যে পরিস্থিতি হতো, ডিসেম্বরে বাংলাদেশের কোথাও তার অস্তিত্ব পাওয়া গেলে একই পরিস্থিতি তৈরি হতে পারে।











